দিনাজপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, নজরদারিতে ড্রোন-থার্মাল ডিভাইস

দিনাজপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, নজরদারিতে ড্রোন-থার্মাল ডিভাইস

ছবি: সংগৃহীত

 

দিনাজপুরের সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদারের পাশাপাশি ড্রোন, থার্মাল ডিভাইস ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। স্পর্শকাতর এলাকায় স্থাপন করা হয়েছে নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ রিজার্ভ প্লাটুন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুরের হিলি সীমান্তের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন ঘটেনি এবং কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী আরও বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিতিশীল বা নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সক্ষমতা বাড়াতে থার্মাল ডিভাইস, ডগ স্কোয়াড ও উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও সীমান্তে নজরদারি চলছে।

এদিকে, গত মঙ্গলবার বিকেলে সীমান্তঘেঁষা দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বিজিবি।

জয়পুরহাট-২০ বিজিবির হিলি সিপি ক্যাম্পের কমান্ডার শরিফুল ইসলাম জানান, ভারতে পলাতক রাজনৈতিক দলের নেতাকর্মী ও মাদক কারবারিদের অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্ত এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে।

সভায় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় ভারত থেকে পলাতক রাজনৈতিক দলের নেতাকর্মী কিংবা দুষ্কৃতকারীদের প্রবেশ ঠেকাতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। কেউ যাতে সীমান্ত পেরিয়ে এসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।