নারী নির্যাতন প্রতিরোধে গোবিন্দগঞ্জে অটোরিকশা ক্যাম্পেইন
ছবি: সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতামূলক অটোরিকশা ক্যাম্পেইন, পথসভা ও নাটক অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বুধবার এ আয়োজন করে।
‘বিচার নিশ্চিত করুন, বেঁচে যাওয়া ব্যক্তিদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ও কামদিয়া ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ফিলিমন হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে নাগরিক ফোরাম ও কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অটোরিকশায় মাইকিংয়ের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে প্রচারণা চালানো হয়। পাশাপাশি পথে দুটি গুরুত্বপূর্ণ স্থানে পথসভার আয়োজন করা হয়।
এদিকে, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনের অংশ হিসেবে কাটাবাড়ী ইউনিয়নের হেলালী পাড়া গ্রামে একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয়েছে। নাটকের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার নেতিবাচক প্রভাব, সামাজিক সচেতনতার গুরুত্ব এবং নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রচারাভিযান ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে নারী নির্যাতনবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে এবং নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ, সহিংসতামুক্ত সমাজ গঠনে সবাই আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘নাগরিক’ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা অবলম্বন ও ‘আমরা পারি’ এ দিবসের আয়োজন করে