ফেনীতে রোলারের চাপায় প্রাণ গেল শ্রমিকের
প্রতীকী ছবি
কাজের ফাঁকে বিশ্রাম নিতে গিয়ে প্রাণ হারালেন মো. নিরব (১৬) নামে এক নির্মাণশ্রমিক। সড়ক উন্নয়নকাজে ব্যবহৃত রোলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়কের নতুন রাণীরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের উন্নয়নকাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন নিরব। একপর্যায়ে ক্লান্ত হয়ে রোলারের পাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় চালকের অসাবধানতায় রোলারটি তার ওপর দিয়ে চলে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই কিশোর।
নিহত নিরব নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বটতলি গ্রামের বাসিন্দা। তার বাবা হাসান মিয়া। নিরবের বাল্যবন্ধু ও সহকর্মী সৌরভ জানান, কাজের উদ্দেশ্যে পাঁচ দিন আগে তারা একসঙ্গে ফেনীতে আসেন। উপার্জনের টাকা জমিয়ে একটি নতুন মোবাইল ফোন কেনার ইচ্ছা ছিল নিরবের। তবে সেই ইচ্ছা আর পূরণ হলো না।
অল্প বয়সেই পরিবারের পাশে দাঁড়াতে কর্মজীবনে প্রবেশ করেছিলেন নিরব। কাজের সন্ধানে বাড়ি ছেড়ে এসে কয়েক দিনের মধ্যেই এমন দুর্ঘটনার শিকার হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে তার স্বজনদের মধ্যে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা মর্মান্তিক মৃত্যুর সংবাদটি শুনেছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’ নিরবের মরদেহ বর্তমানে ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।