চট্টগ্রামে ভবনে বিষ্ফোরণে শিশুসহ দগ্ধ তিন
সংগৃহীত ছবি
চট্টগ্রামের নিউমুরিং আবাসিক এলাকায় একটি ভবনের নিচতলার বাসায় বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও তাদের তিন বছর বয়সী সন্তান দগ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ তিনজনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নিউমুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বুধবার সকালে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর বিষয়টি জানাজানি হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন, মো. আরিফ, তার স্ত্রী রাশেদা বেগম ও তাদের তিন বছর বয়সী মেয়ে আরিফা বেগম। দগ্ধ আরিফ পেশায় রিকশাচালক।
বিস্ফোরণের খবর পেয়ে গতকাল বুধবার সকালে বন্দর থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘটনাস্থল ঘিরে রাখা হয়। তবে কীভাবে কোথা থেকে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, বিস্ফোরণে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই গুরুতর। এর মধ্যে দগ্ধ আরিফের শরীরের ৮৫ শতাংশ, তার স্ত্রী রাশেদা বেগমের ৫৫ শতাংশ এবং শিশু আরিফার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। আরিফ ও রাশেদাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাদের মেয়েও হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ দুই মাস আগে আজিজ ভবনের নিচতলায় বাসা ভাড়া নেন। গত মঙ্গলবার রাতে হঠাৎ বাসাটি থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে বাসার দরজা ও জানালা ছিটকে পড়ে। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধ তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের চমেক হাসপাতালে নেওয়া হয়।
দগ্ধ আরিফের ভাই মো. শরীফ বলেন, আমাদের গ্রামের বাড়ি ভোলায়। আমি মা-বাবার সঙ্গে থাকি। ভাই পরিবার নিয়ে আলাদা বাসায় থাকেন। গত মঙ্গলবার রাতে কী ঘটেছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত জানি না। ভাইয়েরা দগ্ধ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। ভাবি ও ভাইয়ের অবস্থা খুবই খারাপ। ভাতিজির অবস্থা তুলনামূলক ভালো।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। তিনি বলেন, কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে পুলিশের বিভিন্ন ইউনিট বিষয়টি তদন্ত করছে। এ জন্য বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়েছে। আপাতত বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি স্পষ্ট হবে।