বাণিজ্য ঘাটতি কমাতে চীনা বিনিয়োগের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি কমাতে দেশটিকে শুধু পণ্য আমদানির উৎস হিসেবে না দেখে বিনিয়োগ ও উৎপাদনের অংশীদার হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বাংলাদেশে কারখানা স্থাপন এবং উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ঢাকায় চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চীন রিলেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ গেছে পশ্চিমা বাজারে।
এর মধ্যে যুক্তরাষ্ট্রে গেছে ১৮ দশমিক ৮৫ শতাংশ। বিপরীতে চীনে বাংলাদেশের রপ্তানির পরিমাণ মাত্র ১ দশমিক ৭১ শতাংশ।
এ পরিস্থিতি পরিবর্তনে দ্বিপক্ষীয় বাণিজ্যকে শুধু আমদানি-রপ্তানির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, সাংস্কৃতিক বিনিময় এবং উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে হবে।
উপদেষ্টা বলেন, চীনা উদ্যোক্তারা বাংলাদেশে কারখানা স্থাপন করে এ দেশের ভৌগোলিক অবস্থান, দক্ষ জনশক্তি ও বাজারসুবিধা কাজে লাগাতে পারেন। এখান থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। এতে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি দুই দেশের বাণিজ্য ঘাটতিও কমবে।
বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ বেড়েছে। ২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে ঘোষিত ‘অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি’ গঠনের অঙ্গীকার দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ককে এখন বাস্তবভিত্তিক অর্থনৈতিক সহযোগিতায় রূপ দিতে হবে।
বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে আধুনিক ও পরিবেশবান্ধব লজিস্টিকস হাবে রূপান্তরে চীনের সহযোগিতা চেয়েছেন জনপ্রশাসন উপদেষ্টা। তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো আরও একটি বড় বন্দর অবকাঠামো নির্মাণে চীনের সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া চাঁদপুরকে সম্ভাবনাময় বন্দর ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে সম্ভাব্যতা যাচাই, চাঁদপুর-শরীয়তপুর সেতু বা টানেল নির্মাণ এবং আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান মারস্কের আদলে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে শিপিং ও লজিস্টিকস কোম্পানি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।
আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের সম্ভাবনার কথাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, চীনের কুনমিং থেকে মিয়ানমারের কিয়াউকফিউ পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নের পাশাপাশি সমুদ্রপথে কিয়াউকফিউ বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সংযোগ স্থাপন করা গেলে কার্যকর আঞ্চলিক অর্থনৈতিক করিডোর গড়ে তোলা সম্ভব।
তবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, করিডোরটিকে শুধু অবকাঠামো নির্মাণের প্রকল্প হিসেবে দেখলে হবে না; বরং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ হিসেবে বিবেচনা করতে হবে। এ জন্য রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়ে সম্ভাব্যতা সমীক্ষা এবং গবেষণা প্রয়োজন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বলেন, টেকসই বাণিজ্য ও বিনিয়োগের জন্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের গঠনমূলক ও জোরালো কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও উচ্চতায় নেওয়া সম্ভব। চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে তিনি আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সিনিয়র রিসার্চ ফেলো ও সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক ড. লিউ জংই এবং এসআইআইএস-ডিইউ সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা দূতাবাসের কর্মকর্তা, সাবেক কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।