গোপালগঞ্জে শুরু হলো ৩ দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে। ‘দেশীয় প্রাণিসম্পদ, আধুনিক প্রযুক্তি, সম্ভাবনাময় সমৃদ্ধি’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মানিকদহের হাউজিং প্রকল্প মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে এ আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার।
প্রদর্শনীতে প্রায় ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির গবাদিপশু, হাঁস-মুরগি, পোষা প্রাণী ও পাখি স্থান পেয়েছে। পাশাপাশি দর্শনার্থীরা পরিচিত হচ্ছেন প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তির সঙ্গে। প্রদর্শনীতে এক্স-রে মেশিন, কৃত্রিম প্রজননের (এআই) যন্ত্রপাতি, ঘাস কাটার মেশিন, মিল্কিং মেশিন ও ক্রিম সেপারেটরসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে।
এ ছাড়া ফ্রিজিয়ান ও সাহিওয়াল জাতের গরু, ঘোড়া, গারল, ভেড়া, বিভিন্ন প্রজাতির ছাগল, কোয়েল ও লাভবার্ডসহ নানা ধরনের প্রাণী ও পাখি রয়েছে প্রদর্শনীতে।
আয়োজকরা জানান, খামারিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং নতুন উদ্যোক্তাদের বাণিজ্যিকভাবে পশুপালনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তিন দিনব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিনে ডেইরি বিষয়ক কার্যক্রম ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। তৃতীয় দিনে থাকবে স্কুল ফিডিং কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতা। পরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।