দেশের উন্নয়নে নারী শিক্ষার বিকল্প নেই: এমপি বাবুল

দেশের উন্নয়নে নারী শিক্ষার বিকল্প নেই: এমপি বাবুল

ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের এমপি ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, যে জাতি তার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ করে, সেই জাতি সবচেয়ে বেশি উন্নত। দেশের উন্নয়নে নারী শিক্ষার বিকল্প নেই। বুধবার (২৫ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে এ তিনি কথা বলেন। 

শহিদুল ইসলাম বাবুল বলেন, তারুণ্য সমাজের অন্ধকার দূর করে। তরুণ সূর্যের মতোই। যেখানে তারুণ্য নেই, সেখানে জ্বরাগ্রস্ত সমাজ। 

তিনি সমাজে নারীর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এই পৃথিবীতে, এই সময়ে আর বাস্তবতায় নারীদের ভিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। নারীদের আলাদা করে রাখবার কোন সুযোগ নেই। নারী আজ মঙ্গল গ্রহে যাচ্ছে, নারী যুদ্ধের ময়দানে আজ নেতৃত্ব দিচ্ছে, নারী আজ দেশ চালাচ্ছে, সমাজকে আলোকিত করছে।

নারী শিক্ষার উপর আলোকপাত করে তিনি আরও বলেন, একটি জাতি গোষ্ঠীর অর্ধেক নারী। এই নারীদের অন্ধকারের মধ্যে রেখে, ঘরের মধ্যে রেখে সমাজ এগিয়ে যেতে পারে না। যে জাতির  নারী দুঃখে, শোকে, বেদনায় জ্বরাগ্রস্ত হয়ে মরে, সে জাতির ভবিষ্যৎ অন্ধকার।

তিনি নারী শিক্ষার অগ্রগতিতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে বলেন, এই নারী শিক্ষার জন্য বেগম খালেদা জিয়া কালজয়ী ভূমিকা রেখেছিলেন। তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে এসএসসি পর্যন্ত নারীদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। পরেরবার ক্ষমতায় এসে উচ্চমাধ্যমিক পর্যন্ত নারীদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। ছাত্রীদের উপবৃত্তিরও ব্যবস্থা করেছিলেন। 

শিক্ষা প্রসারে বর্তমান সরকারের অবদানের কথা উল্লেখ করে বলেন, এইবার আমাদের সরকার ক্ষমতায় এসেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে জুতা বরাদ্দ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর জন্য দুই সেট করে ইউনিফর্ম বরাদ্দ করা হয়েছে। প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য ১০ হাজার করে টাকা বরাদ্দ করা হয়েছে। কারণ শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। 

তিনি নারী শিক্ষা বিস্তারে ভাঙ্গা মহিলা কলেজের প্রশংসা করে বলেন, এ কলেজ অনেক গুণী নরী শিক্ষার্থীর জন্ম দিয়েছে, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি আলোর পথে যাত্রা শুরু করেছে।

ভাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে ও কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক দিলীপ দাসে পরিচালনায় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এনায়েত হোসেন মিয়া, বাংলা বিভাগের সরকার অধ্যাপক অজয় কুমার দাস, একাদশ শ্রেণির শিক্ষার্থী জায়েবা জাহিদ তিতলি, সাবিহা আক্তার প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর আপ্তাব উদ্দিন মিয়া ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।