চার জেলায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
ফাইল ছবি
দেশের চার জেলার বিভিন্ন দপ্তর ও প্রকল্পের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রশিক্ষণ উপকরণ, নির্মাণসামগ্রী, বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য মালামাল ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বাজারমূল্যের তুলনায় কয়েকগুণ বেশি দর দেখিয়ে ভুয়া বিল-ভাউচার তৈরি, একই দিনে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে সমজাতীয় পণ্য ক্রয় দেখানো, মালামাল সরবরাহ না করেই বিল উত্তোলন এবং জ্বালানি ব্যবহারে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
এদিকে, কুড়িগ্রামের উলিপুর উপজেলায় রাস্তা নির্মাণকাজে ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং টেন্ডার সিডিউল মোতাবেক কাজ না করার অভিযোগ পাওয়ায় এলজিইডি, উলিপুর, কুড়িগ্রামে অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।
অন্যদিকে, খুলনা বিআরটিএ কার্যালয়ে বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের আওতায় প্রশিক্ষণার্থীদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়ার বিনিময়ে প্রশিক্ষণার্থীদের কাছে ঘুস দাবি এবং প্রশিক্ষণ ভাতা প্রদানে নানাভাবে হয়রানি করার অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, খুলনা থেকে অভিযান পরিচালনা করে দুদক।
এছাড়া হাজীগঞ্জ পৌর ও ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি অর্থ দাবি এবং সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ উঠায় অভিযান পরিচালনা করেছে দুদক।