মেসির স্কুলজীবনের মার্কশিট ভাইরাল, কত নম্বর পেয়েছিলেন?

মেসির স্কুলজীবনের মার্কশিট ভাইরাল, কত নম্বর পেয়েছিলেন?

ছবিঃ সংগৃহিত

রোসারিওর জেনারেল লাস হেরাস স্কুল নম্বর ৬৬-এর সপ্তম শ্রেণির একটি রিপোর্ট কার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় লিওনেল মেসির শৈশব নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। ১২ থেকে ১৩ বছর বয়সে যখন তিনি নিওয়েলস ওল্ড বয়েজের যুব একাডেমিতে খেলতেন, তখনকার সেই নথিতে দেখা যায় শারীরিক শিক্ষায় তিনি পূর্ণ নম্বর পেয়েছিলেন এবং বাকি বিষয়গুলোতে তার গড় ছিল ৬।

বিশ্বকাপজয়ী এই তারকা শিল্প ও সংগীতের প্রতিটি বিষয়ে ৮ পেয়েছিলেন। অন্যদিকে গণিত, ভাষা, সামাজিক বিজ্ঞান, বিদেশি ভাষা এবং প্রযুক্তিতে তার গড় নম্বর ছিল ৬। পুরনো এই খাতা শিক্ষকদের বর্ণনারই সত্যতা দেয় পড়াশোনায় বেশ ভালো হলেও খেলার বিষয়ের সাথে তার পারফরম্যান্সে স্পষ্ট ফারাক ছিল।

পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির গণিত শিক্ষক আন্দ্রেয়া সোসা মেসিকে খুব শান্ত ও লাজুক ছাত্র হিসেবে মনে রেখেছেন, যিনি ক্লাসে তেমন কথা বলতেন না। ব্রাজিলের গ্লোবোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'খুব লাজুক হওয়ায় ক্লাসে সে একদম চুপচাপ থাকত। তবে মাঠে ফুটবল খেলতে নামলেই পুরো বদলে যেত; তখনই সে সেই লিও হয়ে উঠত, যাকে আজ বিশ্ব চেনে।'

সহকারী অধ্যক্ষ ও প্রথম শ্রেণির শিক্ষক মনিকা ডমিনাও তার সংযত স্বভাব ও ফুটবলপ্রেমের কথা তুলে ধরেন। তিনি জানান, 'সে সব সময় খুব চুপচাপ থাকলেও বন্ধু অনেক ছিল; সবাই ওর সাথে খেলতে চাইত এবং ক্লাস শেষ হলে কে আগে মাঠে পৌঁছাবে তা নিয়ে ছোটাছুটি শুরু হতো। খেলাধুলা সব সময়ই তার আবেগ ছিল।'

বৈশ্বিক তারকা হয়ে ওঠার পরও মেসি কয়েকবার লাস হেরাস স্কুলে গিয়েছেন। তার সহায়তায় স্কুলটি কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম পায় এবং বিরতির সময় যেখানে তিনি খেলতেন, সেই মাঠের বেঞ্চগুলো মেরামত করা হয়। ইউরোপে যাওয়ার আগে যে ক্লাবে তার শুরু, সেই 'নিওয়েলস ওল্ড বয়েজ'-এর রঙেও স্কুল সাজানো হয়েছে।