২০২৭ বিশ্বকাপের ভেন্যুতে গড়াল প্রথম আনুষ্ঠানিক ম্যাচ
সংগৃহীত ছবি
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম ভেন্যু হিসেবে প্রস্তুত হচ্ছে জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলসে নির্মিত ‘মোসি-ওয়া-তুনিয়া ক্রিকেট স্টেডিয়াম’। নতুন এই স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে প্রথম আনুষ্ঠানিক ম্যাচ।
বৃহস্পতিবার জিম্বাবুয়ের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট প্রো৫০ চ্যাম্পিয়নশিপের ম্যাচে সাউদার্ন রকসকে ৫ উইকেটে হারিয়েছে টাস্কার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা টাস্কার্সের কাছে হেরে যাওয়া সাউদার্ন রকস রয়েছে তালিকার তলানিতে। ম্যাচটিতে জিম্বাবুয়ের জাতীয় দলের তারকা ক্রিকেটাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে টাস্কার্সের পেসার ব্র্যাড ইভান্সের বোলিং তোপে পড়ে সাউদার্ন রকস। প্রথম ও শেষ উইকেটসহ মাত্র ৩১ রানে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৪৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে দেন ইভান্স।
জবাবে অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলরের অপরাজিত ৬৭ রানের ইনিংসে ভর করে ১৭.৫ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় টাস্কার্স। ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করা টেলরের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা।
জিম্বাবুয়ে ক্রিকেটের ইউটিউব চ্যানেলে ম্যাচটির সীমিত সম্প্রচার হওয়ায় উইকেট সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়নি। তবে পেসার ব্র্যাড ইভান্স ও আর্নেস্ট মাসুকু পিচ থেকে ভালো বাউন্স আদায় করতে পেরেছেন। অন্যদিকে, টেলরের ইনিংস থেকে মাঠের আউটফিল্ডের দ্রুতগতির বিষয়টিও বোঝা গেছে।
স্টেডিয়ামের মূল স্কয়ারে থাকা ছয়টি পিচের একটিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। কয়েক মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সমন্বয়ে পিচগুলো তৈরি করা হয়েছিল। তবে গ্যালারিসহ মাঠের অন্যান্য অংশের নির্মাণকাজ এখনো চলমান থাকায় দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। শিগগিরই দর্শকদের জন্য ভেন্যুটি প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।
গত মাসে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সব ভেন্যু পরিদর্শন করে আইসিসি। এ সময় ভিক্টোরিয়া ফলসের স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সংস্থাটি।
২০২৭ ক্রিকেট বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর সারাহ এডগার ক্রিকইনফোকে বলেন, ‘স্টেডিয়ামের সব প্রধান অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। এটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, যাতে কেবল বিশ্বকাপের ম্যাচ আয়োজনই নয়, ভবিষ্যতেও এটি একটি টেকসই ভেন্যু হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে আলাদা নেট ও অনুশীলনের মাঠও রয়েছে।’
আগামী শনিবার এই স্টেডিয়ামে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ২০২৭ সালে এখানে প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানিয়ে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে। এর আগে গত অক্টোবরে নামিবিয়ার উইন্ডহোক ক্রিকেট গ্রাউন্ডের উদ্বোধনেও দক্ষিণ আফ্রিকা অংশ নিয়েছিল।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে মোসি-ওয়া-তুনিয়া ক্রিকেট স্টেডিয়ামে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ অক্টোবর গ্রুপ পর্বে স্বাগতিক জিম্বাবুয়ে ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে এই ভেন্যুতে বিশ্বকাপের খেলা শুরু হবে। এরপর ২৮ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর সুপার সেভেন পর্বের আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।