ইলেকট্রিক বাস ক্রয়ের অগ্রগতি জানতে শিক্ষা মন্ত্রণালয়ের তাগিদ
ফাইল ছবি
ঢাকাসহ বিভিন্ন মহানগরের যানজটপূর্ণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ইলেকট্রিক বাস ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি জানতে তাগিদপত্র দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে জরুরি ভিত্তিতে তথ্য পাঠাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২৪ নভেম্বরের এই তাগিদপত্র বৃহস্পতিবার মাউশিতে পাঠানো হয়েছে।
তাগিদপত্রে বলা হয়েছে, মন্ত্রিসভা বিভাগের সিদ্ধান্তের আলোকে ঢাকাসহ বিভিন্ন মহানগরের যানজটপূর্ণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ইলেকট্রিক বাস ক্রয়ের বিষয়ে এর আগে ২৩ মে ও ১৯ জুলাই তারিখের স্মারকে পত্র পাঠানো হয়েছিল। কিন্তু এ পর্যন্ত কোনো অগ্রগতি বিভাগে পাঠানো হয়নি।
তাগিদপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি প্রদানসহ ইলেকট্রিক বাস ক্রয় সংক্রান্ত তথ্য জরুরি ভিত্তিতে বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।