ইরানের বিরুদ্ধে বিজয় হাতের মুঠোয়: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে বিজয় হাতের মুঠোয়: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিজয় এখন হাতের নাগালে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের আরও প্রাণহানি এড়াতে তেহরানকে চুক্তিতে পৌঁছানোর সব ধরনের সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং ডে উপলক্ষ্যে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। 

তিনি জানান, ইরানের সঙ্গে চলমান সংঘাতের পরিণতি কী হবে, তা অনেকটাই নির্ভর করছে তার সিদ্ধান্তের ওপর। তবে ইরান শেষ পর্যন্ত চুক্তিতে রাজি হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ট্রাম্প বলেন, ‘ইরানে বিজয় আমাদের হাতের নাগালে। কখন এবং কীভাবে এটি অর্জিত হবে, তা অনেকটাই আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সত্যি বলতে, আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করছি। চুক্তিতে পৌঁছাতে এবং বহু মানুষের প্রাণ বাঁচাতে তাদের সব ধরনের সুযোগ দিচ্ছি। কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ প্রশ্ন করেন, তারা কেন এমন করছে? তারা কি পাগল? হয়তো তাই।’

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেন, তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘আপনাদের প্রত্যেকেই শুধু আজকের যুক্তরাষ্ট্র নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এর মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, তারা কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।’

এদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ১৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে আমরা ১৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছি।’

মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা নেই বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্রের নিজস্ব জ্বালানি সম্পদই দেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার তেলের মজুত একত্র করলে তা বিশ্বের মোট তেলের অর্ধেকেরও বেশি হবে।

ট্রাম্প বলেন, ‘আমাদের তেলের প্রয়োজন নেই। আমরা নিজেরাই যথেষ্ট তেল উৎপাদন করি। দীর্ঘদিন ধরে আমরা ইসরাইল ও মধ্যপ্রাচ্যকে সুরক্ষা দিয়ে আসছি।’

যুক্তরাষ্ট্রের কাছে অন্য যেকোনো দেশের তুলনায় বেশি তেল রয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে ট্রাম্প বলেন, দেশটির তেলের মজুত যুক্তরাষ্ট্রের জন্য আরও কয়েকশ কোটি ব্যারেল তেল সরবরাহের সুযোগ তৈরি করেছে।

তবে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তার আশঙ্কা, ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ইসরাইলসহ পুরো অঞ্চলের অন্যান্য দেশের জন্য বড় ধরনের হুমকি তৈরি হতে পারে।

ট্রাম্প বলেন, ‘আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি। কারণ, শান্তি না থাকলে সেখানে ব্যাপক অস্থিরতা ও সংঘাত তৈরি হবে।’

তথ্যসূত্র: আনাদোলু