হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা দিতে পারেন মনসুর আব্বাস!

হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা দিতে পারেন মনসুর আব্বাস!

মনসুর আব্বাস

ইসরায়েলের আরব দল ‘রা’আম’-এর নেতা মনসুর আব্বাস পরবর্তী সরকারে যোগ দেওয়ার শর্ত হিসেবে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিতে পারেন বলে ডিবিসি নিউজ ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলা হয়, শনিবার হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর একটি অনুষ্ঠানে আব্বাস এ ঘোষণা দিতে পারেন।

আব্বাস এক বিবৃতিতে বলেন, ‘শনিবার রাতে সাংবাদিক ডানা ওয়াইসের সঙ্গে আমার সাক্ষাৎকার চ্যানেল ১২ নিউজে সম্প্রচারিত হবে। সেখানে আমি হামাসের সংজ্ঞা নিয়ে আলোচনা করব।’ 

ইসরায়েলের সরকার গঠনে আইজেনকোটকে বেঁধে দেওয়া সময়সীমার আর মাত্র নয় দিন বাকি। এই সময়ের মধ্যেই তিনি একটি জোট সরকার গঠনের চেষ্টা করছেন। তার শর্ত, নতুন সরকারে যোগ দেওয়া প্রতিটি দলকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সংগঠনটিকে ধ্বংস করার অঙ্গীকার করতে হবে।

আব্বাসও বারবার বলেছেন, পরবর্তী সরকারে তিনি রা'আম পার্টিকে দেখতে চান। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকারের অংশ ছিল তার দল। কোনো আরব দলের জন্য এটি ছিল বিরল ঘটনা।

গত ৩ নভেম্বর নির্বাচনের আগে আব্বাস ঘোষণা দেন, দলটি তার ধর্মীয় নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে নাগরিক পরিচয় গ্রহণ করবে। একই সঙ্গে ইসরায়েল পুলিশের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়োভ সেগালোভিটজকে দলীয় প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করে।

এত দিন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্পষ্টভাবে স্বীকৃতি না দেওয়ায় রা'আমের সরকারে যোগদানের পথে বাধা ছিল। তবে আব্বাসের সম্ভাব্য ঘোষণার পরও জোটে দলটির অংশগ্রহণ নিশ্চিত নয়। আরব পৌরসভাগুলোতে অপরাধ দমনসহ কয়েকটি বিষয়ে আইজেনকোটের কাছ থেকে নিশ্চয়তা চাইছে দলটি।

তবে আরব নেতৃত্বাধীন দল জয়েন্ট লিস্ট প্রকাশ্যে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দেয়নি।

এদিকে আব্বাসের সম্ভাব্য ঘোষণাকে ‘লোক দেখানো’ বলে উপহাস করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মিত্ররা। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, আইজেনকোটকে ধোঁকা দিয়ে সরকারে প্রবেশ করাই আব্বাসের উদ্দেশ্য।

তারা আব্বাসের সম্ভাব্য অবস্থানকে ‘তাকিয়াহ’ ধারণার সঙ্গে তুলনা করেছেন। মুসলিমবিরোধী প্রচারে ব্যবহৃত এই ধারণার মাধ্যমে তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য পূরণে আব্বাস সত্য গোপন করছেন।

অন্যদিকে, নেতানিয়াহুর মিত্ররা এমন সরকার গঠনের বিরোধিতা করছেন।