জকিগঞ্জে অসহায় বিধবা নারীর পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ
ছবি: সংগৃহীত
বিধবা নাজমা বেগমের (৫৯) শুধু আছে এক টুকরো ভিটেমাটি। মাথা গুজার ঠাই থাকলেও দুঃখ দুর্দশায় পাড়ি দিতে হচ্ছে জীবন। সন্তান এবং স্বামী না থাকায় একাকী ছোট্ট একটি কুঁড়েঘরে বসবাস করেন। স্থানীয়দের সহায়তায় একটি ঘর পেয়েছেন। তবে তার এই মানবেতর জীবনের বিষয়টি জানতে পেরে তার পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘের জকিগঞ্জ উপজেলা শাখা।
দীর্ঘ দিন ধরে ভিটেমাটি আকড়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার লামারগ্রামে বসবাস করছেন নাজমা বেগম। স্বামীর রোজগার দিয়ে চলতো সংসার। স্বামীর মৃত্যুর পর থেকে এলাকার মানুষের সহযোগিতায় কোনোমতে জীবনযাপন করেছেন তিনি। এ অবস্থায় পরিবারের মধ্যে কিছুটা দুঃখ লাগব করতে আজ শনিবার (২৮ নভেম্বর) চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, লবন, মরিচ হলুদ সহ ইত্যাদি সামগ্রী নাজমা বেগমকে কিনে দেওয়া হয় বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে।
এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বসুন্ধরা শুভসংঘের সহ সভাপতি সারওয়ার হোসেন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শহীদ সাকির, অর্থ সম্পাদক সাইফুর রহমান ও শুভাকাঙ্ক্ষী আতাউর রহমান নাফিজ।
নাজমা বেগম বলেন, আমি বসুন্ধরা শুভসংঘের কাছে কৃতজ্ঞ তারা আমাকে খুঁজে বের করে আমার বাড়িতে খাদ্যসামগ্রী এনে দিয়েছে। বসুন্ধরা শুভসংঘ আরও প্রসারিত হোক এবং মানবকল্যাণে আরও বেশি ভূমিকা রাখুক।
বসুন্ধরা শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শহিদ শাকির বলেন, নাজমা বেগমের ছেলে মেয়ে কেউ নেই এবং তিনি বিধবা। এরকম মানুষের পাশে আমাদের বসুন্ধরা শুভসংঘ দাড়িয়েছে এবং এর অংশ হতে পেরে খুবই আনন্দ লাগছে। জকিগঞ্জ উপজেলার কিছু মানুষ একদম নিম্ন আয়ের আছে। এলাকার এসব মানুষের আয়-রোজগার অত্যন্ত কম। অধিকাংশ পরিবারের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এসব হতদরিদ্র মানুষকে দীর্ঘদিন ধরে আমাদের বসুন্ধরা শুভসংঘ সহযোগিতা দিয়ে আসছে। এর আগে এই এলাকার শিক্ষার্থীদের নিয়ে নানা ক্যাম্পেইন পরিচালনা করেছি।