যৌতুকে চেয়েছিল দামি গাড়ি, খেলনা গাড়ি দিয়ে ভাঙলেন বিয়ে
ছবিঃ সংগৃহিত।
যৌতুক হিসেবে দামি গাড়ি চেয়েছিল বরপক্ষ। এর জবাবে তাদের হাতে খেলনা গাড়ি তুলে দিয়ে বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের মিরাটে ঘটেছে এই ঘটনা। নাটকীয় সেই প্রতিবাদের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের জ্ঞানপুর গ্রামে। প্রায় পাঁচ মাস আগে জ্ঞানপুরের বাসিন্দা শমসেরের ছেলের সঙ্গে সালোনা গ্রামের এক তরুণীর বিয়ে ঠিক হয়েছিল। বাগদানের সময় কনের পরিবার বরপক্ষকে নগদ এক লাখ রুপি ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়েছিল।
শনিবার (২৮ নভেম্বর) কনের বাড়িতে ‘লাল খত’ (বিয়ের আনুষ্ঠানিক নিমন্ত্রণ প্রথা) অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে অনুযায়ী বরপক্ষের স্বজনেরা সকালে কনের বাড়িতে আসেন। কিন্তু কনের পরিবার তাদের সকাল থেকে রাত প্রায় ১০টা (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) পর্যন্ত বসিয়ে রাখে। এরপর বরের বাবার হাতে একটি প্লাস্টিকের খেলনা গাড়ি তুলে দিয়ে বিয়ে বাতিলের ঘোষণা দেয়।
उत्तर प्रदेश – मेरठ में शादी से ठीक पहले दूल्हे ने थार मांगी तो लड़की पक्ष ने प्लास्टिक खिलौना वाली थार पकड़ाकर ये रिश्ता तोड़ दिया !! https://t.co/46M8NgVN4t — Sachin Gupta (@Sachingupta) November 29, 2026
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগে কনের পরিবার একখণ্ড জমি বিক্রি করেছিল। জমি বিক্রির খবর পাওয়ার পরপরই বরপক্ষ যৌতুক হিসেবে একটি দামি গাড়ি দাবি করে বসে।
কনের পরিবার বিষয়টি নিয়ে বরপক্ষকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপরই শনিবারের ওই অনুষ্ঠানে তাদের ডেকে এনে এমন জবাব দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চেয়ারে বসে থাকা এক ব্যক্তির হাতে কয়েকজন মিলে একটি খেলনা গাড়ি তুলে দিচ্ছেন। এ সময় কনের পরিবারের এক সদস্যকে বলতে শোনা যায়, ‘আপনাদের কোনো মানুষের প্রয়োজন ছিল না, আপনাদের একটি গাড়ির প্রয়োজন ছিল। আমরা আপনাদের স্করপিও (খেলনা গাড়ি) দিয়েছি, এখন এটি চালান।’
ওই ব্যক্তি আরও বলেন, বরপক্ষ সকালে এসেছিল এবং এখন রাত ১০টা বাজে। তাদের দাবি অনুযায়ী গাড়ি দিয়ে দেওয়া হয়েছে এবং এই বিয়ে ও বাগদান ভেঙে দেওয়া হলো।
ভিডিওটি অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যদিও এর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে