লোহিত সাগর পথে নতুন সঙ্কট বিশ্ববাণিজ্যের জন্য হুমকি

লোহিত সাগর পথে নতুন সঙ্কট বিশ্ববাণিজ্যের জন্য হুমকি

লোহিত সাগর পথে নতুন সঙ্কট বিশ্ববাণিজ্যের জন্য হুমকি

এশিয়া ও ইউরোপের দূরত্ব কমিয়েছে সুয়েজ খাল। এই খালের মাধ্যমেই লোহিত সাগর হয়ে ভূমধ্যসাগরে জাহাজ চলাচল করে। নতুন করে সঙ্কট তৈরি হয়েছে এই খালে।ইরান সমর্থিত ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী নানা জাহাজে হামলা চালাচ্ছে। এতে বাধ্য হয়ে ১৫ ডিসেম্বরের পর বিশ্বের পাঁচটি বড় কনটেইনারবাহী জাহাজের মধ্যে চারটিই লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে।

এ সঙ্কটের জেরে ইসরাইল-হামাস যুদ্ধ নতুন দিকে মোড় নিতে পারে। একইসাথে বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হাউছিরা আধুনিক সমরাস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে। এ হামলায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথ বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা মধ্যপ্রাচ্যে নৌ তৎপরতা বৃদ্ধি করছে। এমনকি বাণিজ্যপথ বিপদমুক্ত করতে তারা হাওছি বিদ্রোহীদের ওপর হামলাও করতে পারে।

আফ্রিকা ও আরব উপদ্বীপের মধ্য দিয়ে বয়ে চলা বাব-এল-মান্দেব প্রণালিতে বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ ও কনটেইনার ট্রাফিকের ৩০ শতাংশ পরিবাহিত হয়। কিন্তু সম্প্রতি বিদ্রোহীদের আক্রমণের কারণে এই পথ বিপজ্জনক হয়ে উঠেছে। দৃশ্যত গাজার সমর্থনে হাউছি বিদ্রোহীরা এই আক্রমণ চালাচ্ছে, সম্প্রতি যা অনেকটাই বেড়েছে।

১৫ ডিসেম্বর একটি জাহাজে হামলার হুমকি দেয়, একটিতে হামলা চালানো হয় ড্রোন দিয়ে, পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলাও। যেসব জাহাজে হামলা চালানো হয় তার সবগুলোই ছিল লিবারিয়ান পতাকাবাহী। ১৬ ডিসেম্বর মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ক্যারনি লহিত সাগরের ওপর থেকে অন্তত ১৪টি ড্রোন ভূপাতিত করে। ব্রিটিশ যুদ্ধজাহাজও একটি ড্রোন ধ্বংসের দাবি করে।

জাহাজ বিকল হয়ে যাওয়া ও ক্রুদের হতাহতের আশঙ্কায় চাপে পড়েছে শিপিং কোম্পানিগুলো। ১৫ ডিসেম্বর মারস্ক ও হ্যাপাগ-লয়েড তাদের সার্ভিস বন্ধ করে দিয়েছে। এরপর সার্ভিস বন্ধ করে সিএমএ সিজিএম ও এমসসি। বলা হয়েছে, লহিত সাগর নিরাপদ না হওয়া পর্যন্ত তারা কার্যক্রম বন্ধ রাখবে এবং কিছু জাহাজকে কেপ অব গুড হোপ দিয়ে পরিচালনা করা হবে।

সার্ভিস বন্ধ করা এই চারটি কোম্পানি বিশ্বের কন্টেইনার বাণিজ্যের ৫৩ শতাংশ নিয়ন্ত্রণ করে। এখন ছোট ছোট কোম্পানি যেমন ড্রাই বাল্ক ও অয়েল ট্যাঙ্কারস তাদের অনুসরণ করতে পারে বলেও মনে করা হচ্ছে।

এই সঙ্কটের দুটি গুরুতর দিক আছে। একটি বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রে, আরেকটি মধ্যপ্রাচ্যে নিরাপত্তাজনিত। অর্থনীতির দিক হলো, সুয়েজ খাল দিয়ে জাহাজ পরিবহন বন্ধ হয়ে গেলে জাহাজ পরিবহনের সময় ও খরচ দুটিই বাড়বে; সেই সঙ্গে পণ্য সরবরাহে সঙ্কট তৈরি হবে। ২০২১ সালে তাইওয়ান পরিচালিত এভারগিভেন জাহাজ সুয়েজ খালে ছয় দিন আটকে থাকায় বৈশ্বিক সরবরাহ সঙ্কট ঘনীভূত হয়েছিল। এরপর লোহিত সাগরের সঙ্কট কাছের আরব সাগরে সঞ্চালিত হলে আরেক বিপদ। বিশ্বের সয়াবিন তেলের এক-তৃতীয়াংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

এছাড়া মিসরের রাজস্ব আয়ের বড় উৎস হচ্ছে সুয়েজ খাল। তারা এমনিতেই অর্থনৈতিক সঙ্কটে রয়েছে, এখন সুয়েজ খাল দিয়ে জাহাজ পরিবহন দীর্ঘ সময় বন্ধ থাকলে তারা বড় সঙ্কটে পড়বে।

এসব ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ব্যবস্থা নিতে আগ্রহী হবে। তবে হাউছিদের হুমকি জটিল ও সবাইকে সন্ত্রস্ত করার মতো হয়ে উঠছে। হাউছিরা ইসরাইলের ধ্বংস চায়। তারা বলছে, গাজায় খাদ্য ও ওষুধ সরবরাহ করা না পর্যন্ত ইসরাইলের বন্দরগামী জাহাজে আক্রমণ করা হচ্ছে। কিন্তু তারা এখন পর্যন্ত যেসব জাহাজে হামলা করেছে, তার কোনোটি ইসরাইলগামী ছিল না বা সেগুলোর মালিকানা ইসরাইলের হাতে ছিল না; বরং বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ হাউছিদের হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেসব জাহাজে তারা হামলা করেছে, তার একটি ছিল হংকংয়ের পতাকাবাহী।

অর্থাৎ হাউছি বিদ্রোহীদের ঘোষিত লক্ষ্যের সাথে তাদের কাজের তেমন মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এটা মনে করার কারণ নেই যে তাদের সক্ষমতার অভাবে এমন হচ্ছে; বরং হাউছি বিদ্রোহীরা টানা কয়েক বছর ধরে ইরানের সামরিক প্রশিক্ষণ পেয়েছে, তাদের হাতে আধুনিক অস্ত্রশস্ত্র আছে। সংগঠনটির জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সীমা ৮০০ কিলোমিটার।

সূত্র : দ্য ইকোনমিস্ট