গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

প্রতিকি ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আহম্মেদ (৬৫) ও ৯ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা লিটন মন্ডল (৩৯)।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর ভোরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ও দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় মামলা করে। মামলায় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় সুলতান ও লিটনকে গ্রেফতার দেখানো হয়েছে।

ওসি জানান, বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত করতে তদন্ত চলছে।