নেশার টাকা জোগাতে চুরি, সিসিটিভি ফুটেজে ধরা পড়লেন যুবক

নেশার টাকা জোগাতে চুরি, সিসিটিভি ফুটেজে ধরা পড়লেন যুবক

প্রতিকি ছবি

 

লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিজের ও ছেলের মাদকের খরচ জোগাতেই তিনি চুরি করেছিলেন।

গ্রেফতার মালেক উপজেলার দক্ষিণ দলগ্রাম ঘাটেরপাড় মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমানের মুদিদোকানে চুরির ঘটনা ঘটে। দোকানে চুরির পুরো ঘটনা উপজেলা প্রশাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম সেই ফুটেজ কালীগঞ্জ থানা-পুলিশকে দেন।

চুরির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি এলাকায় আলোচনায় আসে। এর মধ্যে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দলগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে মালেককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালেক নিজের ও ছেলের মাদকের খরচ জোগাড় করতে চুরির কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে চুরি যাওয়া মালামালের একটি ছাতা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় চুরির মামলা করা হয়েছে। গ্রেফতার মালেককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।