লালমনিরহাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

লালমনিরহাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

প্রতিকি ছবি

 

লালমনিরহাটে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে পৌর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে শহরের চাঁদনী বাজার এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মজিবর রহমান টুলু পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। পুলিশ ও বিভিন্ন প্রতিবেদনে তাকে পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চাঁদনী বাজার এলাকায় একটি চক্র গোপন বৈঠক করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করছে। পরে সেখানে অভিযান চালিয়ে মজিবর রহমান টুলুকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, তার ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে অনলাইন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ফোনে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট ও স্ট্যাটাসও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মজিবর রহমান টুলুর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সাদ আহমেদ। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।