রূপগঞ্জে গণপিটুনির পর পুলিশের হাতে ৫ ডাকাত, স্বর্ণালংকার উদ্ধার

রূপগঞ্জে গণপিটুনির পর পুলিশের হাতে ৫ ডাকাত, স্বর্ণালংকার উদ্ধার

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এক জমি ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও বিভিন্ন মালামাল লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া সাড়ে ৬ ভরি স্বর্ণ, ধারালো অস্ত্র, একটি পিকআপভ্যানসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

 

বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া কাজীবাড়ি এলাকায় জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল ধারালো অস্ত্র নিয়ে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আবুল হোসেনের ছেলে আলামিন মিয়া ও আল জাবের হোসেনসহ পরিবারের সদস্যদের বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করে নেয়।

পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। পরে বৃহস্পতিবার সকালে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় ডাকাত সন্দেহে কয়েকজনকে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে সেখানে যায় পুলিশ। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে সাড়ে ৬ ভরি স্বর্ণ, একটি পিকআপভ্যান, ধারালো অস্ত্র ও ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নরসিংদীর মাধবদী এলাকার তামজিদ মিয়া, শাহিন মিয়া, শামিম মিয়া, হৃদয় দাস এবং কুমিল্লার হোমনা এলাকার শরিফ মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।