ঝালকাঠি এনসিপির নতুন কমিটিকে ডা. মাহমুদা মিতুর শুভেচ্ছা
ডা. মাহমুদা আলম মিতু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানান।
পোস্টে ডা. মাহমুদা মিতু বলেন, ঝালকাঠির অনেক এলাকার রাস্তাঘাট এখনো খারাপ ও অনুন্নত। চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায়ও নানা সীমাবদ্ধতা রয়েছে। গ্রামের মানুষের প্রতিদিনের জীবনসংগ্রাম ও কষ্ট তিনি কাছ থেকে দেখেছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, ঝালকাঠিতে সৎ নেতৃত্ব দরকার, যারা দল-মতনির্বিশেষে মানুষের জন্য কাজ করবেন। দেশের ও জেলার মানুষের কথা বিবেচনা করে দরদ নিয়ে কাজ করার মতো নেতৃত্ব নতুন কমিটির মাধ্যমে উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডা. মাহমুদা মিতু আরও বলেন, কোনো একটি এলাকার ভাগ্য বদলাতে অনেক মানুষের প্রয়োজন হয় না। কিছু সৎ মানুষের ভালো উদ্যোগই সফলতা আনতে পারে। এনসিপি নতুন দল হিসেবে যতটুকু এগিয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ।
তিনি জানান, নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলার পূর্ণাঙ্গ কমিটি এবং ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় উপজেলা কমিটি গঠন করা হবে। এসব উপজেলায় এনসিপির সঙ্গে কাজ করতে আগ্রহীদের জেলা আহ্বায়ক কমিটির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঝালকাঠি জেলা শাখার ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ইঞ্জিনিয়ার এইচএম জাকির হোসেনকে আহ্বায়ক এবং মুফতি মাসুম বিল্লাহকে সদস্যসচিব করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।