সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে ওঠা অবৈধভাবে গ্যাস ব্যবহারে পরিচালিত চুনা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা আন্দোলন। উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা প্রায় ৫৬টি অবৈধ চুনা কারখানা বন্ধের পাশাপাশি এসব কারখানার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোকাররম মামুন, সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সুজন সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সংগঠনের সহসভাপতি মোয়াজ্জেনুল হক, যুগ্ম সম্পাদক মোফাখখার সাগর, কার্যনির্বাহী কমিটির সদস্য রোকেয়া আক্তার ও শিপন চৌধুরীসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহাসিক জনপদ সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় আবাসিক বসতির কাছাকাছি অবৈধভাবে গ্যাস ব্যবহার করে গড়ে উঠেছে বিপুলসংখ্যক চুনা কারখানা। অবৈধ এসব কারখানার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ ও আলোচনা হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। একইসঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।