চুয়াডাঙ্গায় ৪০৩ বস্তা অবৈধ ডিএপি সার জব্দ
সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর পৌরসভার দত্তনগর রোডে মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানের মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
অভিযুক্ত মেসার্স শান্তনা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদ। তিনি জীবননগর উপজেলার কোর্টপাড়ার ফকির মুহাম্মদের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে অভিযান পরিচালিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা অভিযান করেন। অভিযানে প্রতিষ্ঠানটির গুদাম তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
প্রতিষ্ঠানটির সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও সেখানে সরকারি ডিএপি সার মজুদ ও বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত সার জীবননগর থানায় নেওয়া হয়েছে।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, সার নির্ধারিত নিয়মের বাইরে অবৈধভাবে মজুদ, কালোবাজারি কিংবা নিয়মবহির্ভূতভাবে বিক্রির কোনো সুযোগ নেই। সরকারি সার নিয়ে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জীবননগর উপজেলা কৃষি অফিসার আলগীর হোসেন বলেন, জব্দকৃত সারগুলো থানার হেফাজতে আছে। সরকার বাদী হয়ে নিয়মিত আইনে অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিকের নামে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত সারগুলো আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে।