জাবির হল সংসদ নেত্রীর ব্যতিক্রমী বিয়েতে ভিন্ন বার্তা
সংগৃহীত
বিয়েবাড়ি। অতিথিরা আসছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। অথচ কারো হাতে উপহারের প্যাকেট নেই, নেই খাম কিংবা উপহার দেওয়ার আনুষ্ঠানিক চাপ। বরং বিয়েবাড়ির সামনে টাঙানো একটি প্ল্যাকার্ডে অতিথিদের উদ্দেশে স্পষ্ট বার্তা- ‘বিয়েতে কোনো ধরনের উপহার গ্রহণ করা হয় না।’
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের একটি বিয়ের আয়োজনে এমন দৃশ্যই দেখা গেছে। সামিয়া ইসলামের বিবাহ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এই উদ্যোগ। উপহার নয়, অতিথিদের উপস্থিতি ও নবদম্পতির জন্য দোয়াকেই সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছে পরিবারটি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামিয়ার বিয়ের অনুষ্ঠানে টাঙানো প্ল্যাকার্ডটিই হয়ে ওঠে অতিথিদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সেখানে লেখা ছিল, ‘সামিয়া ইসলামের শুভ বিবাহ। সম্মানিত অতিথি, বিয়েতে কোনো ধরনের উপহার গ্রহণ করা হয় না। আপনাদের উপস্থিতিতে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের কন্যার জন্য আপনাদের দোয়াই আমাদের সেরা উপহার।’
বিয়েকে ঘিরে উপহার দেওয়া-নেওয়া আমাদের সামাজিক সংস্কৃতির দীর্ঘদিনের অংশ। অনেক ক্ষেত্রে সামাজিক সম্পর্ক রক্ষার তাগিদে সামর্থ্যের বাইরে গিয়েও উপহার দিতে হয় অতিথিদের। সেই প্রচলিত সংস্কৃতির বাইরে গিয়ে সামিয়ার পরিবারের এই সিদ্ধান্ত তাই আলাদা করে নজর কেড়েছে।
সামিয়া ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে প্রীতিলতা হলের নির্বাচিত কমনরুম সম্পাদক। তিনি পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট আজহারুল উলুম হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আমিনুল ইসলাম কাইয়ুমের মেয়ে।
বর নাসরুল্লাহ আল মারুফ আমেরিকা প্রবাসী। তিনি উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার আওয়াল মাস্টারের ছেলে।
বিয়ের আয়োজনকে কেন্দ্র করে পরিবারের এই সিদ্ধান্ত শুধু আনুষ্ঠানিকতা কমানোর উদ্যোগ নয়, বরং সামাজিকভাবে একটি বার্তাও দেওয়ার চেষ্টা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বিয়েতে কে কী উপহার দিলেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রিয় মানুষগুলোর অনুষ্ঠানে এসে নবদম্পতির পাশে দাঁড়ানো এবং তাদের জন্য শুভকামনা করা।
সামিয়ার ছোট চাচা এস এম রায়হান বলেন, বিয়েতে উপহার গ্রহণ না করার সিদ্ধান্তটি আমাদের পরিবারের সবার সম্মতিতেই নেওয়া হয়েছে। আমরা মনে করি, অতিথিদের উপস্থিতি ও নবদম্পতির জন্য দোয়াই সবচেয়ে বড় পাওয়া। উপহার দেওয়ার কোনো চাপ যেন কারো ওপর না থাকে, সেটিই আমাদের উদ্দেশ্য।
বিয়েতে আসা এলাকার যুবক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বলেন, বিয়েতে সাধারণত উপহার দেওয়ার একটি সামাজিক রীতি রয়েছে। এর বাইরে গিয়ে সামিয়ার পরিবারের এমন উদ্যোগ ভালো লেগেছে। উপহারের পরিবর্তে অতিথিদের উপস্থিতি ও দোয়াকে গুরুত্ব দেওয়ার এই উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে বলে মনে করি। তবে এমন বিয়ে বর্তমান সমাজে ব্যতিক্রমী।
বিয়েতে উপহার দেওয়ার প্রচলন অনেক পরিবারেই আনন্দের অংশ। আবার অনেকের কাছে এটি কখনো কখনো সামাজিক দায় বা চাপও হয়ে দাঁড়ায়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অতিথিদের জন্য উপহার কেনার বিষয়টি বাড়তি ব্যয়ের কারণ হতে পারে।
পোড়াবাড়ীয়ার এই বিয়েতে তাই আলোচনার বিষয় শুধু বর-কনের নতুন জীবন নয়। বিয়ের আয়োজনের মধ্য দিয়েই সামনে এসেছে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা- ভালোবাসার মূল্য উপহারে নয়, উপস্থিতি আর শুভকামনায়।