মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলো পরিচ্ছন্ন করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আনজুম সোহানিয়া নিজে অংশ নেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রেজোয়ানা চৌধুরী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আনজুম সোহানিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়। প্রত্যেককে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।