বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত ভোলার সাহিদা সুমনা

বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত ভোলার সাহিদা সুমনা

সাহিদা আক্তার সুমনা

চলতি বছরের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত গুণী শিক্ষক প্রতিযোগিতায় বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলার ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা।

গত সোমবারের (২২ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এরপর বৃহস্পতিবার তিনি ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এ গুনী শিক্ষক ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী এবং ঝালকাঠি জেলার আবুল কালাম আজাদ আবু মিয়ার কন্যা।

জানা যায়,সাহিদা আক্তার সুমনা ২০২৫ সালেও জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ২০১৭ সালে ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন এবং শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সরকারি ভাবে চীন সফর করেন। তার নেতৃত্বে ২০১৮,২০২২ ও ২০২৬ সালে ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও জেলার শ্রেষ্ঠ  শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে  নির্বাচিত হয়।

ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী সুমনা সাহিদা সাংবাদিকতায়ও অনবদ্য ভূমিকা রাখেন। ২০০০ সালে তিনি নারী সাংবাদিক হিসাবে ম্যাস লাইন মিডিয়া সেন্টার এম.এম.সির প্রাকৃতজন পুরস্কার  লাভ করেন। পরবর্তীতে এম.এম.সির প্রশিক্ষণ  কর্মকর্তা  হিসেবে  বরিশাল ও খুলনা বিভাগের সাংবাদিকদের  প্রশিক্ষণ দেন।

আরও জানা গেছে,সাহিদা সুমনা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ও বিএড এবং সি ইনএড ডিগ্রি অর্জন করেন। সাহিদা সুমনা কিছুদিন গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার  হিসাবেও  কর্মরত ছিলেন। তিনি ভোলা শিক্ষা  কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তার নেতৃত্বে ৩৯নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত পরিবর্তন এবং সার্বিক পরিবেশে আমূল পরিবর্তন সাধিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক মোসাম্মত সাহিদা আক্তার সুমনা তার প্রতিক্রিয়ায় জানান ,স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং জেলা,উপজেলা ও শিক্ষা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমি এ সাফল্য অর্জন করেছি।