পাবনায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা
ফাইল ছবি
পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের গোডাউন থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ ৩৮১ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অনুমোদন ছাড়াই সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুবলিয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা ও উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম ‘আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে’ অভিযান পরিচালনা করেন। সেখানে অননুমোদিতভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গোডাউন থেকে ১৩০ বস্তা সার জব্দ করা হয়।
অন্যদিকে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে একই বাজারে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ী আবদুল মান্নানের গোডাউন থেকে অবৈধভাবে মজুত রাখা ২৫১ বস্তা সার জব্দ করা হয়। তাঁকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।
অভিযান শেষে ইউএনও তামারা তাসবিহা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের কৃত্রিম সংকট রোধে কোনো ছাড় দেওয়া হবে না। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা এবং সরকারি নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।