বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি: স্বর্ণালংকার ও অস্ত্রসহ গ্রেফতার ৭

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি: স্বর্ণালংকার ও অস্ত্রসহ গ্রেফতার ৭

প্রতিকি ছবি

 

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাতির সঙ্গে জড়িত পাঁচজন এবং অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বন্দরের ঢাকেশ্বরী সোনাচড়া এলাকার একটি স্বর্ণের দোকানে ৭ থেকে ৮ জনের একটি দল ঢোকে। অস্ত্রের মুখে দোকানের লোকজনকে জিম্মি করে তারা স্বর্ণালংকার, রুপার গহনা, নগদ টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়। দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় আনোয়ার হোসেন (৩২), মিজান (২৬), অনিক (২২), সুমন বেপারী (৩৮) ও রাজু আহমেদ (২৪)কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

এদিকে বন্দরের ঘাড়মোড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান জনি ওরফে ব্ল্যাক জনি (৩৯) ও তার সহযোগী রিফাত হাসানকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি হাঁসের খামারের মাটির নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জনির বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।