বোয়ালখালীতে আগুনে ১৩ বসতঘর ও দুই দোকান পুড়ে ছাই

বোয়ালখালীতে আগুনে ১৩ বসতঘর ও দুই দোকান পুড়ে ছাই

প্রতিকি ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আগুনে ১৩টি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাট শেখবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল সওদাগরের মালিকানাধীন একটি ভাড়া বাসায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়লে বাসিন্দারা দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৩টি বসতঘর ও পাশের দুটি দোকান পুড়ে যায়।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অলক চাকমা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্তদের হিসাবে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।