সোনারগাঁয়ে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে সহস্রাধিক পরিবার

সোনারগাঁয়ে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে সহস্রাধিক পরিবার

ছবি: সংগৃহীত

অপরিকল্পিত ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা গ্রাম। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় সহস্রাধিক পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে স্বাস্থ্যঝুঁকি।

স্থানীয়দের অভিযোগ, কাঁচপুর বাস টার্মিনাল নির্মাণসহ আশপাশের শিল্প-কারখানা সম্প্রসারণের কারণে একসময়কার জলাশয়, খাল ও নালাগুলো ভরাট হয়ে গেছে। এতে বৃষ্টির পানি বের হওয়ার স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই গ্রামজুড়ে হাঁটুসমান পানি জমে থাকে।

সরেজমিনে দেখা যায়, গ্রামের সড়ক, বাড়ির উঠান, দোকানপাট ও মসজিদের আশপাশে পানি জমে আছে। কোথাও বালুর বস্তা, কোথাও কাঠ বা সিমেন্টের পাটাতন দিয়ে অস্থায়ী চলাচলের পথ তৈরি করা হয়েছে। পানি জমে থাকায় ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের যাতায়াতও ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন নোংরা পানিতে বসবাসের কারণে চর্মরোগ, চুলকানি ও জ্বরসহ বিভিন্ন অসুস্থতা দেখা দিচ্ছে। পাশাপাশি জমে থাকা পানিতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গু নিয়েও আতঙ্ক রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, পাম্প দিয়ে সাময়িকভাবে পানি সরিয়ে সমস্যার সমাধান হবে না। বন্ধ হয়ে যাওয়া খাল-নালা পুনরুদ্ধার এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুললেই পাটাত্তার দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি মিলবে।

কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম জানান, পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের একটি প্রকল্প উপজেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, বড় এলাকা হওয়ায় প্রকল্প বাস্তবায়নে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।