ক্যানসারে সব চুল হারিয়ে যে বার্তা দিলেন উপস্থাপিকা সামিয়া
ছবিঃ সংগৃহিত।
ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি নিতে গিয়ে মাথার চুল হারিয়েছেন মডেল, অভিনয়শিল্পী ও উপস্থাপিকা সামিয়া আফরিন। চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার বিষয়টি আগে থেকেই জানা ছিল তার।
এবার সেই পরিবর্তনকে আড়াল না করে ন্যাড়া মাথার ছবি প্রকাশ করেছেন সামিয়া। পাশাপাশি জানিয়েছেন, নিজের নতুন এই রূপকে কীভাবে দেখছেন তিনি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করে সামিয়া লেখেন, জীবন সবসময় মানুষের পরিকল্পনা অনুযায়ী চলে না। অনেক পরিবর্তন ইচ্ছার বাইরে এসেও জীবনের অংশ হয়ে যায়। সেগুলো মেনে নেওয়া সহজ না হলেও বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়াটাই তখন সামনে এগিয়ে যাওয়ার পথ।
নিজের ন্যাড়া মাথার ছবি প্রসঙ্গে সামিয়ার উপলব্ধি, চুল থাকা বা না থাকার সঙ্গে সৌন্দর্যের সম্পর্ক সীমিত। তার কাছে সৌন্দর্যের অর্থ এখন নিজের পরিবর্তনকে মেনে নেওয়া এবং নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা।
ক্যানসারের চিকিৎসার এই পর্যায়কে কঠিন সময় হিসেবে দেখলেও হতাশার বদলে ইতিবাচক থাকার চেষ্টা করছেন সামিয়া। জীবনের প্রতিটি মুহূর্তকে উপহার হিসেবে দেখার কথা জানিয়ে তিনি লিখেছেন, এই সময়ও একদিন কেটে যাবে।
২০২২ সালের এপ্রিলের দিকে সামিয়ার কোলন ক্যানসার শনাক্ত হয়। এরপর সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হলে স্বাভাবিক জীবনেও ফিরেছিলেন।
তবে চলতি বছর আবার তার শরীরে ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়। পরে ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া।
চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল হারানোর এই পরিবর্তনকে স্বাভাবিকভাবেই গ্রহণ করছেন তিনি। একই সঙ্গে নিজের জীবনের প্রতিটি পর্যায়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সামিয়া আশাবাদ জানিয়েছেন- কঠিন এই সময়ও একদিন পেরিয়ে যাবে।