রংপুর ভোটার হতে গিয়ে আটক রোহিঙ্গা যুবক

রংপুর ভোটার হতে গিয়ে আটক রোহিঙ্গা যুবক

ছবিঃ সংগৃহিত।

রংপুরের পীরগঞ্জে ভোটার হতে গিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে শওকত নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শওকত পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা পরিচয়ে ভোটার হতে উপজেলা নির্বাচন কার্যালয়ে যান। এ সময় তিনি ওই ইউনিয়নের নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র জমা দেন। তবে যাচাই-বাছাইয়ের সময় তার পরিচয় ও কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। পরে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে শওকত জানান, টেকনাফ থেকে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তিনি পীরগঞ্জে আসেন। ওই ব্যক্তি তাকে পীরগঞ্জের নাগরিক বানিয়ে বিদেশে পাঠানোর কথা বলেছিলেন। পীরগঞ্জে পৌঁছানোর পর ওই ব্যক্তি তাকে উপজেলা নির্বাচন কার্যালয়ে নিয়ে প্রবেশ করিয়ে চলে যান। যাওয়ার সময় নিজের ব্যবহৃত মোবাইল নম্বরটিও শওকতের ফোন থেকে মুছে দেন। ফলে ওই ব্যক্তির নাম-পরিচয় বা ঠিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি শওকত।

পাঁচগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মণ্ডল বলেন, শওকতের জমা দেওয়া কাগজপত্র ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়নি। এসব কাগজে তার স্বাক্ষর ও ইউনিয়ন পরিষদের সিল জাল করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বলেন, শওকতকে দেখে প্রথমে তাদের সন্দেহ হয়। পরে তার কথাবার্তা শুনে তাকে জাতীয় সংগীত বলতে বলা হয়। কিন্তু তিনি তা বলতে পারেননি। এতে তার নাগরিকত্ব নিয়ে সন্দেহ আরও জোরালো হয়। তিনি রোহিঙ্গা হতে পারেন বলে ধারণা করা হয়। পরে জিজ্ঞাসাবাদেও তার বক্তব্যে বিষয়টি উঠে আসে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আটক রোহিঙ্গা যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে। টেকনাফ থেকে স্থানীয় এক ব্যক্তি তাকে পীরগঞ্জে নিয়ে এসেছেন। ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নির্বাচন কার্যালয় থেকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।