নোয়াখালীতে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ

নোয়াখালীতে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ

ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা শহরের মাইজদী হাসপাতাল সড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও ফুটপাতের স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে একদল নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, হাসপাতাল সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে ছোট-বড় মিলিয়ে শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। এসব স্থাপনার কারণে সড়ক দিয়ে চলাচলকারী রোগী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হতো। পাশাপাশি সড়কটিতে প্রায়ই যানজট সৃষ্টি হওয়ায় দুর্ভোগ আরও বাড়ত।

জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে এর আগে একাধিকবার অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। পরে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানকালে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, ফিরোজ আলম মতিন এবং সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নোয়াখালী শহরের প্রধান সড়কের দুই পাশে অবৈধ দখল ও ফুটপাতের স্থাপনা উচ্ছেদ করা হবে। বাকি যেসব স্থানে অবৈধ স্থাপনা ও সড়কের পাশে দোকানপাট রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো বলেন, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে যাতে কেউ সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা বসাতে না পারে এবং অভিযানে কেউ বাধা না দেয়, সে জন্য তারা প্রশাসনকে সহযোগিতা করেছেন।