পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবি

সংগৃহীত

পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল থেকে শত শত শ্রমিক মিছিল নিয়ে এসে সমাবেশে অংশ নেন। কর্মসূচি শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা জরুরি। তাদের দাবি, শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

প্রধান আলোচক পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল বলেন, ১ ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলন শুরু করা হবে।

প্রধান অতিথি বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও নির্যাতনের প্রতিবাদে সংগঠনগুলো কাজ করছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা অব্যাহত থাকবে।

সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সদস্য সচিব ও বিশ্বব্যাপী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু।