জামায়াত-এনসিপি এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে টার্গেট করেছে : রাশেদ খান

জামায়াত-এনসিপি এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে টার্গেট করেছে : রাশেদ খান

সংগৃহীত ছবি

জামায়াত-এনসিপি নেতারা এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে টার্গেট করেছে শুধু একটাই কারণ তার মেধা এবং যোগ্যতা। স্বরাষ্ট্রমন্ত্রী যে মেধা যুক্তি তর্ক দিয়ে বিরোধী দলের বক্তব্যের জবার দেন এটা তাদের সহ্য হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে কক্সবাজারের পেকুয়ায় এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এমন মন্তব্য করেন।

তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন- ‘এই জামায়াত এক সময় আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। আগামীতে জামায়াত হাসিনার মুক্তির দাবিতে এবং হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনও শুরু করতে পারে।’

জামায়াতের মোনাফেকি চরিত্র এখন উন্মোচিত হয়ে পড়েছে বলে মন্তব্য করে তিনি আরো বলেন, এনসিপি জামাতের সঙ্গে জোট করে তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে হত্যা করেছে।

রাশেদ খান জামায়াত নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান প্রসঙ্গে বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বর্তমান জামায়াত নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান আন্দোলনকারী ছাত্র-জনতাকে রাজাকারের বাচ্চার সঙ্গে তুলনা করেছিলেন। এমনকি মেজর আক্তারুজ্জামান ফ্যাসিস্ট হাসিনার পক্ষে বক্তব্য রেখেছিলেন। এই ব্যক্তি বিমানবন্দরে রাষ্ট্রদ্রোহীর মতো আচরণ করেছেন। শেখ হাসিনার সহযোগী এই ব্যক্তির মুক্তির দাবিতে জামায়াত-এনসিপি বিবৃতি দিচ্ছে এবং আন্দোলন করছে।

এর আগে রাশেদ খান দুপুরে কক্সবাজারের পেকুয়ায় জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ, ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান পেকুয়া উপজেলার মেহেরনামাস্ত শহীদ ওয়াসিমের কবরস্থানে যান। সেখানে কবর জিয়ারত করেন এবং পরে শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় রাশেদ খান আরো বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদ পরিবার ও আহতদের পাশে রয়েছে। জুলাইয়ের চেতনা যেন কোনোভাবে মলিন না হয় সেই বিষয়ে তিনি কাজ করছেন।

তিনি উল্লেখ করেন জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনীর হাতে ১৪ শ’র বেশি নিহত হয়েছে বলে উল্লেখ আছে।

সাক্ষাৎকালে রাশেদ খান জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের ত্যাগের কথা স্মরণ করেন। এসময় শহীদ ওয়াসিমের বাবা-মা সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।