বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

সংগৃহীত

বরিশাল জেলায় ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 

রোববার সকাল ১০টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির   উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। 

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার কাশফিয়া কবীর ঐশী ও জেলা আইসিটি অফিসার মোঃ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করছেন। 

বরিশালের বিভাগীয় কমিশনার বলেন, বিভিন্ন অপরাধ ও বিরোধের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও ধারাগুলো সম্পর্কে প্রশিক্ষণার্থীদের পর্যাপ্ত ধারণা থাকতে হবে। চুরি, প্রতারণা, মারামারি, আঘাত ও আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অপরাধের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট আইনি বিধান সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যেকোনো ঘটনা সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন ও যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিচার কাজ দ্রুত সমাধানের ক্ষেত্রে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। 

তিনি বলেন, গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনার পাশাপাশি আইন ও বিধি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা গেলে সাধারণ মানুষকে আরও কার্যকর, দ্রুত ও ন্যায়সংগত সেবা দেওয়া সম্ভব হবে।