উন্নয়ন প্রকল্পে জনগণের প্রয়োজনই শেষ কথা: প্রিন্স
ছবি: সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গ্রহণযোগ্য, জনপ্রিয় ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। একই সঙ্গে বিরোধী দলের অপপ্রচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রতিনিয়ত জনগণের পাশে থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান প্রিন্স।
বৃহস্পতিবার ময়মনসিংহের মুক্তাগাছায় দিনব্যাপী সরকারি ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন প্রিন্স।
এ সময় তিনি জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ, প্রকল্প পরিদর্শন, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় প্রিন্স বলেছেন, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে রেমিট্যান্স শাটডাউনের হুমকি রাষ্ট্রের স্বার্থবিরোধী। এ ধরনের হুমকি দেশের স্থিতিশীলতা নষ্ট ও অর্থনৈতিক নাশকতার অপচেষ্টা।
এসময় তিনি নেতাকর্মীদের প্রতি নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকা, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে সনাতনী সম্প্রদায়কে সহায়তা করার আহ্বান জানান।
জেলা পরিষদের বরাদ্দের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে প্রিন্স বলেন, জেলা পরিষদের অর্থ জনগণের অর্থ। এই অর্থের সর্বোচ্চ স্বচ্ছ, সঠিক ও জনকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। উন্নয়ন প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে জনগণের প্রয়োজন ও অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এমপি, সদস্য সচিব ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদুজ্জামান, জেলা বিএনপির সদস্য একরামুল রহমান জুয়েল বক্তব্য রাখেন।