সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, ৯টি অস্ত্র ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার
ছবি: সংগৃহীত
সুন্দরবন থেকে বনদস্যুদের ফেলে যাওয়া ৯টি অস্ত্র ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীসংলগ্ন বন থেকে এসব উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, একটি বনদস্যুদল ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের শ্যালার চর ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এরপর বুধবার রাতে মোংলা কোস্টগার্ড সেখানে বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গহিন বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, রাতের আঁধারে বনদস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তারা কোন বাহিনীর সদস্য, তা-ও শনাক্ত করা সম্ভব হয়নি।