ছয় দশক পর যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড, দেখানো হবে সরাসরি

ছয় দশক পর যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড, দেখানো হবে সরাসরি

ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা করা সাবেক সেনা মনোরোগ বিশেষজ্ঞ মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর।আগামী তিন ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা রয়েছে।

গত বুধবার (৭ অক্টোবর) রিয়েল আমেরিকাস ভয়েসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পরে, বৃহস্পতিবার পেন্টাগনের এক কর্মকর্তা মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করেন।

আগামী তিন ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ১টায় টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের কথা রয়েছে। এ দণ্ড কার্যকর হলে ছয় দশকের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে আবার মৃত্যুদণ্ড কার্যকর হবে।

সাক্ষাৎকারে হেগসেথ বলেন, ‘ইউনিফর্ম পরা অবস্থায় সেনাবাহিনীর ভেতরে এটি ছিল উগ্র ইসলামপন্থীদের হামলা। তাই তার মৃত্যুদণ্ড সেনাসদস্যদের ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করা হবে, এটাই হওয়া উচিত। মানুষ যাতে এটি দেখতে পারে, সে ব্যবস্থা করা হবে। কারণ, এ ধরনের কাজের গুরুতর পরিণতি রয়েছে, তা মানুষের বোঝা দরকার।’

২০০৯ সালের পাঁচ নভেম্বর ফোর্ট হুড সামরিক ঘাঁটির একটি চিকিৎসাকেন্দ্রে গুলি চালান নিদাল হাসান। এতে ১৩ জন নিহত হন এবং কয়েক ডজন মানুষ আহত হন। পরে ২০১৩ সালে সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

এরপর থেকে তিনি কানসাসের ফোর্ট লিভেনওর্থ কারাগারে বন্দী রয়েছেন।

গত বছর তার আপিলের সব আইনি প্রক্রিয়া শেষ হয়। এরপর চলতি সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সুপারিশে তার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তদন্তে জানা যায়, হামলার কয়েক মাস আগে নিদাল হাসান ধর্মীয় বক্তা আনোয়ার আল-আওলাকির সঙ্গে ১৮টি ই-মেইল আদান-প্রদান করেছিলেন। পরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল-আওলাকি নিহত হন।

এদিকে, সামরিক আদালতে হাসান দাবি করেন, তাকে আফগানিস্তানে পাঠানোর কথা ছিল। সেখানে মার্কিন সেনাদের হাতে মুসলিমদের প্রাণহানি ঠেকাতেই হামলাটি চালিয়েছিলেন বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে সামরিক মৃত্যুদণ্ড কার্যকরের সর্বশেষ জানা ঘটনাটি ঘটেছিল ১৯৪৫ সালের নভেম্বরে। তবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার প্রশাসন মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া দ্রুত করতে এ পদ্ধতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি রয়েছে। অঙ্গরাজ্যগুলো হলো আইডাহো, মিসিসিপি, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা ও ইউটাহ।

অন্যদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বশেষ বার্ষিক পর্যালোচনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাইরে আফগানিস্তান, চীন, উত্তর কোরিয়া, সৌদি আরব, সোমালিয়া, তাইওয়ান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনেও ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের প্রচলন রয়েছে।

নিদাল হাসান মৃত্যুদণ্ড কার্যকরের আগে কোনো শেষ অনুরোধ জানিয়েছেন কি না, কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, ‘এসব নিয়ে আমার মাথাব্যথা নেই।’

তিন ডিসেম্বর মৃত্যুদণ্ড কার্যকরের সময়ই তার সঙ্গে দেখা হবে বলে জানান তিনি।