ফেনীতে জিপিএ-৫ পেয়েও ভর্তি অনিশ্চিত ইসমাইলের, পাশে দাঁড়ালেন ডিসি
ছবি: সংগৃহীত
ফেনীর দাগনভূঞায় জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়েছিল ইসমাইল হোসেন নিবির। ভ্রাম্যমাণ ফেরিওয়ালা বাবার সীমিত আয়ে সংসার চালানো কঠিন হওয়ায় ছেলের উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবার। এ পরিস্থিতিতে ইসমাইলের পাশে দাঁড়িয়েছেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
ইসমাইল দাগনভূঞা একাডেমি থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। তার কলেজে ভর্তির যাবতীয় খরচের পাশাপাশি পড়াশোনার জন্য বইপত্র, পোশাক, জুতা, ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে ইসমাইলের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম ও ইসমাইলের বাবা মো. সুজন উপস্থিত ছিলেন।
জানা যায়, ইসমাইলের আর্থিক সংকট নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। পরে তিনি দাগনভূঞা ইউএনওকে ইসমাইলের পরিবারের খোঁজ নিতে বলেন। পরিবারের আর্থিক পরিস্থিতি জানার পর ইসমাইলকে ফেনী সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
ইসমাইলের বাবা মো. সুজন দাগনভূঞার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণভাবে বিভিন্ন পণ্য বিক্রি করেন। তার সীমিত আয়ে চার সদস্যের পরিবারের খরচ ও দুই সন্তানের পড়াশোনা চালানো কঠিন। ইসমাইলের আরেক ভাইও দাগনভূঞা একাডেমিতে পড়াশোনা করছে।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হাট ভোগদিয়া এলাকার বাসিন্দা সুজনের পরিবার দীর্ঘদিন ধরে দাগনভূঞা পৌর শহরের বেতুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে।
সহায়তা পাওয়ার পর ইসমাইল হোসেন নিবির বলেন, ‘জেলা প্রশাসক ও ইউএনও স্যারের সহযোগিতায় ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পেরেছি। বইপত্র, পোশাক, জুতা ও অন্যান্য শিক্ষা উপকরণও পেয়েছি। আমার স্বপ্ন উচ্চশিক্ষা গ্রহণ করে ইঞ্জিনিয়ার হওয়া। পাশাপাশি মানুষের সেবা করতে চাই।’
ইসমাইলের বাবা মো. সুজন বলেন, ‘আমার ছেলে কঠোর পরিশ্রম করে জিপিএ-৫ পেয়েছে। এতে আমরা আনন্দিত। জেলা প্রশাসক ও ইউএনও স্যারের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। দাগনভূঞা অ্যাকাডেমির শিক্ষকদের প্রতিও আমরা কৃতজ্ঞ।’
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসকের সহযোগিতায় ইসমাইল হোসেন নিবির ফেনী সরকারি কলেজে ভর্তি হয়েছে। তার পড়াশোনা চালিয়ে নিতে বইপত্রসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণেরও ব্যবস্থা করা হয়েছে।’