ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, আহত ৫
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ মোট পাঁচজন আহত হয়েছেন। পুলিশের নিজস্ব পিকআপ ভ্যানে করে আসামিদের আদালতে নেওয়া হচ্ছিল।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বিজয়নগর উপজেলার মণিপুর এলাকায় এ দুঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও পিকআপ ভ্যানটির চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। এ ছাড়া দুর্ঘটনায় আহত হন মাদক মামলায় রিমান্ডের আসামি মহন মিয়া (৪৫) ও পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)।
তাঁদের দুজনের বাড়ি বিজয়নগর উপজেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুজন আসামি নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাচ্ছিল। পথিমধ্যে মণিপুর এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।