কন‍্যাশিশু দিবসে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বসুন্ধরা শুভসংঘ

কন‍্যাশিশু দিবসে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বসুন্ধরা শুভসংঘ

ছবিঃ সংগৃহিত।

আন্তজার্তিক কন‍্যাশিশু দিবস উপলক্ষে রবিবার (১১ অক্টোবর) সকালে কুষ্টিয়া শহরের চাঁদ সুলতানা মাধ‍্যমিক বালিকা বিদ‍্যালয়ের ১৫ জন মেধাবী কন‍্যাশিশু শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখা।

বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখার  উপদেষ্টা ও কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি কুষ্টিয়ার সভাপতি আসমা আনসারী মিরু, চাঁদ সুলতানা মাধ‍্যমিক বালিকা বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার এবং শিক্ষক বশির আহমেদ। এসময় জজেলা বসুন্ধরা শুভসংঘের ভারপ্রাপ্ত সভাপতি শাকিল আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রিয়তা আখতারসহ শুভসংঘের সদস‍্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বসুন্ধরা  শুভসংঘের পক্ষ থেকে এই বিদ‍্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির প্রত‍্যেক ক্লাসের ১ থেকে ৩ রোলধারী ১৫ জন মেধাবীকে সংবর্ধনা ও  তাদের প্রত‍্যেককে খাতা, কলম, পেন্সিল ও জ‍্যামিতি বক্স উপহার হিসেবে দেয়া হয়।  সংবর্ধনা ও উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে এসব শিশু শিক্ষার্থীরা। এজন‍্যে তারা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানায়।

অনুষ্ঠানে আসমা আনসারী মিরু বলেন, কন্যাশিশুরা শুধু আমাদের পরিবার বা সমাজের অংশই নয়, তারা আমাদের ভবিষ্যৎ পৃথিবীর মূল চালিকাশক্তি। আজকের কন্যাশিশুই আগামী দিনের শিক্ষক, ডাক্তার, বিজ্ঞানী, উদ্যোক্তা এবং দেশের নেতৃত্বদানকারী নাগরিক।

তিনি বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, আজও বিশ্বজুড়ে প্রতি ৩ সেকেন্ডে একটি করে বাল্যবিয়ে হচ্ছে। বিশ্বব্যাপী বাল্যবিয়ে, পুষ্টিহীনতা, মানসম্মত শিক্ষার অভাব এবং নিরাপত্তার সংকট আমাদের কন্যাশিশুদের সম্ভাবনাকে কুঁড়ি অবস্থাতেই ঝরিয়ে দিচ্ছে। আমাদের মনে রাখতে হবে, একটি কন্যাশিশুকে পিছিয়ে রাখা মানে পুরো সমাজ ও দেশকে পিছিয়ে রাখা।