ফেনীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
ফাইল ছবি
ফেনীতে পৃথক তিন ঘটনায় এক কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) জেলার সোনাগাজী ও ফেনী সদর উপজেলায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা রয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন সোনাগাজী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের আহসান উল্যাহর ছেলে নিজাম উদ্দিন (৪৫), সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের দুলাল হোসেনের মেয়ে ফাহিমা আক্তার (১৫) এবং রংপুর জেলার বাসিন্দা আবেদ আলী (৪৫)। আবেদ আলী ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের একটি খামারে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ, নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নিজাম উদ্দিন বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন একটি পুকুরপাড়ে লাকড়ি কুড়াতে যান। এ সময় খিঁচুনিতে আক্রান্ত হয়ে তিনি পুকুরে পড়ে যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে পারিবারিক কলহের জেরে ফাহিমা আক্তার আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
এ ছাড়া ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের একটি খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবেদ আলীর মৃত্যু হয়। স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খামারের মালিক কাজী আবদুল্লাহর খামারে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম এবং ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।