নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান
ছবি: সংগৃহীত
নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়, এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া কার্যালয়) উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বিআরটিএর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার রাজধানীর যাত্রাবাড়ীতে শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা আক্তার, বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক আইনুল হুদা, সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, মোটরযান পরিদর্শক মোহাম্মদ রানা, পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মনীর আহম্মদ ও জাতীয় নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ মাকফি বক্তব্য দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিং ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি চালক ও পথচারীদের দায়িত্ব এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়। পরে সড়ক নিরাপত্তাবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের হাতে সচেতনতামূলক লিফলেট ও ট্রাফিক সাইনসংক্রান্ত উপকরণ তুলে দেওয়া হয়।