গবেষণা পদ্ধতি বিষয়ে জাবির তিন মাসের প্রশিক্ষণ
সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (জেইউআরএস) আয়োজনে তিন মাসব্যাপী গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এবং গবেষণায় প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।
১২টি সেশনে আয়োজিত এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরিচালনায় প্রশিক্ষণে গবেষণা পদ্ধতির মৌলিক ধারণা, গবেষণার নকশা প্রণয়ন, গবেষণা পরিচালনা এবং নতুন গবেষণার ধারণা তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেইউআরএসের সাধারণ সম্পাদক রায়হান কবির। এরপর প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের গবেষণা পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দল নিজেদের গবেষণা প্রকল্প ও ফলাফল তুলে ধরে।
পোস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘বাংলাদেশে এইচআইভি শনাক্তে বিলম্ব ও চিকিৎসার ফলাফল’ শীর্ষক গবেষণা প্রকল্প। দলটিতে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তাসনোভা তাজ প্রাপ্তি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের (নিটোর) ফিজিওথেরাপি বিভাগের সৌগত দাস যশ, সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এসএআইএসি) মো. আবদুল কাইয়ুম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের জেমি আক্তার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রকৃতি ঘোষ।
প্রতিযোগিতায় রানারআপ হয় ‘ডায়াবেটিস রোগীদের ক্ষত নিরাময়ে সেকেন্ডারি মেটাবোলাইটের ব্যবহার’ শীর্ষক গবেষণা প্রকল্প। দলটির সদস্যরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাজমুল হোসেন অপূর্ব এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রাইয়ান আহমেদ, সাদিয়া জামান, মোর্শেদা জাহান ও শেথিলা হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম গবেষণার বিকাশে প্রাতিষ্ঠানিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি রিসার্চ সোসাইটির কার্যক্রম আরো এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা সীমিত বাজেটের মধ্যেও প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে আয়োজন করায় আয়োজকদের প্রশংসা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রিসার্চ সোসাইটির কার্যক্রম যুক্ত করা এবং গবেষণা বিষয়ক পৃথক সাব-ডোমেইন চালুর প্রস্তাব দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে উন্নতি এবং জাতীয় উন্নয়নে গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গবেষণার মান বাড়ানো ও এ খাতে বাজেটীয় সহায়তা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।” পাশাপাশি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নে শিক্ষার্থীদের গবেষণায় অবদান রাখার আহ্বান জানান উপাচার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেইউআরএসের সভাপতি আবু রুম্মান। প্রশিক্ষণ কর্মসূচির আহ্বায়ক ছিলেন তাইমুর খান তূর্য, যুগ্ম আহ্বায়ক সামিয়া এনাম এবং সমন্বয়ক এমএসটি সামিহা আক্তার সালমা। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক এবং প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়।