ইসরায়েলগামী ফ্লাইটে মুসলিম পাইলটদের নিষেধাজ্ঞা দিল এয়ার ফ্রান্স
ছবিঃ সংগৃহিত।
ইসরায়েলের নতুন নিরাপত্তা নির্দেশনা মেনে বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকত্বধারী পাইলট ও কেবিন ক্রুদের তেল আবিবগামী ফ্লাইটে দায়িত্ব পালন থেকে বাদ দিয়েছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স। এ সিদ্ধান্তের কারণে বৈষম্যের অভিযোগ ও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে সংস্থাটি।
ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের প্রতিবেদনের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েলগামী ফ্লাইটে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের ক্রু হিসেবে না রাখার শর্তে সম্মত হয়েছে এয়ার ফ্রান্স।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, আলজেরিয়া, তিউনিসিয়া, ইরান ও পাকিস্তানসহ মোট ৩১টি দেশ। এসব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় সরাসরি কোনো ধর্মের কথা বলা না হলেও জাতীয়তার ভিত্তিতে এই বিধিনিষেধের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর মুসলিম পাইলট ও কেবিন ক্রুরা কার্যত বৈষম্যের শিকার হচ্ছেন বলে সমালোচনা উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, দ্বৈত নাগরিকত্ব থাকলে তা দ্রুত জানাতে কর্মীদের নির্দেশ দিয়েছে এয়ার ফ্রান্স। নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নিয়ে ফ্রান্সে আইনি চ্যালেঞ্জের আশঙ্কা রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম এন১২-এর তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর দেশটির পরিবহন মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইটে ফ্লাইদুবাইয়ের এক ওমানি সহ-পাইলট বিমানটি ইসরায়েলের বিমানবন্দরে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে নতুন নিয়ম কার্যকর করে ইসরায়েল। এরপর দেশটির বিমান সংস্থাগুলোও কর্মীদের ওপর নজরদারি জোরদার করেছে।
একটি ইসরায়েলি বিমান সংস্থা প্রায় ২ হাজার ৫০০ পাইলট ও কেবিন ক্রুর অতীত ইতিহাস যাচাই শুরু করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে, মিডিয়াপার্টের প্রতিবেদন প্রকাশের পর বিশ্বজুড়ে সমালোচনা তৈরি হলেও এয়ার ফ্রান্সের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি।