চলন্ত ট্রেনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : বিতর্ক সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে প্রশ্ন
প্রতিকি ছবি
সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের চলন্ত ট্রেনের খাবার বগিতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এস এ করপোরেশনের চার কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। আগামী ২৯ নভেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। তদন্তে এস.এ করপোরেশনের কর্মীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এদিকে, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় খাবার সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। তবে ধর্ষণ মামলার বিচার শেষ না হলেও শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েই আবেদনের মাধ্যমে চলতি বছরের ১৩ জানুয়ারি স্থগিতাদেশ প্রত্যাহার করেছে রেলওয়ে। যার কারণে এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে নারী যাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা।
পুলিশের দাখিল করা অভিযোগপত্রে চার আসামি হলেন, মো. জামাল (২৯), রাশেদুল হক প্রকাশ রাশেদুল ইসলাম (২৮), শরিফ মিয়া (২১) ও আবদুর রব রাসেল (২৮)। অভিযুক্তরা সবাই উদয়ন এক্সপ্রেস ট্রেনের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের কর্মী।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস বলেন, ধর্ষণকাণ্ডের পর এস এ করপোরেশনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। পরে প্রতিষ্ঠানটি স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আগামীতে এ ধরনের ঘটনা হবে না মর্মে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ওপর থাকা স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত এস এ করপোরেশনের চেয়ারম্যান মো. শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালে ফ্রি হয়ে কল দেওয়ার প্রতিশ্রুতি দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ জুন রাতে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে ওঠেন একটি তরুণী। টিকিট না পেয়ে তিনি ট্রেনের খাবার বগির একটি আসনে বসেন। এ সময় এস এ করপোরেশনের কর্মীরা তাকে উত্ত্যক্ত করতে থাকেন। বিষয়টি দেখে সাধারণ যাত্রীরা তাদের বাধা দেন। পরে ২৬ জুন ভোরের দিকে খাবার বগিতে লোকজনের উপস্থিতি কমে গেলে অভিযুক্ত কর্মীরা ওই তরুণীকে একা পেয়ে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে রেলওয়ে পুলিশকে খবর দেন যাত্রীরা। পুলিশ অভিযান চালিয়ে ট্রেনের ভেতর থেকে তিনজনকে গ্রেফতার করে। পরে এ ঘটনায় জড়িত অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়। পরে রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক এস এম শহীদুল ইসলাম তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ, পারিপার্শ্বিক তথ্য, ডিএনএ পরীক্ষার ফলাফল ও বিশেষজ্ঞ মতামত পর্যালোচনা করে চার আসামির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ও ৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে। গত ১১ আগস্ট আদালতে মামলাটির অভিযোগ গঠন করা হয়। আগামী ২৯ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শুরুর কথা রয়েছে। বর্তমানে মামলাটি চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এ বিচারাধীন রয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মো. পারভেজ বলেন, মামলাটির অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর সাক্ষ্যগ্রহণ করা হবে।
এদিকে, উদয়ন এক্সপ্রেসে এ ঘটনার পর উদয়ন এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে কর্তৃপক্ষ এস এ করপোরেশনের খাবার সরবরাহ কার্যক্রম ও চুক্তি স্থগিত করে। একই প্রতিষ্ঠান চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনেও খাবার সরবরাহ করত। ওই ট্রেনেও প্রতিষ্ঠানটির ক্যাটারিং সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে স্থগিতাদেশের পর ভবিষ্যতে এ ধরণের অপরাধ সংঘঠিত হবে না মর্মে প্রতিশ্রুতি দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করে মো. শাহ আলমের মালিকানাধীন প্রতিষ্ঠান এস এ করপোরেশন। আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৩ জানুয়ারি প্রতিষ্ঠানটির আবেদন মঞ্জুর করে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।