‘শারীরিক সুস্থতার মত মানসিক সুস্থতা রক্ষা বড় চ্যালেঞ্জ’

‘শারীরিক সুস্থতার মত মানসিক সুস্থতা রক্ষা বড় চ্যালেঞ্জ’

ছবি: সংগৃহীত

‘শারীরিক সুস্থতার মতোই মানসিক সুস্থতা রক্ষা করা বর্তমান যুগের এক বড় চ্যালেঞ্জ। আমাদের শিক্ষালয় ও হাসপাতালগুলোতে এমন এক সহমর্মী পরিবেশ তৈরি করতে হবে, যেন কেউ মানসিক সমস্যায় ভুগলে নিঃসংকোচে কথা বলতে পারেন এবং সময়মতো চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।’   

সোমবার সকালে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের (সিআইএমসিএইচ) এর উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘Lived experiences heard: real voices, real change’। 

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল মুত্তালিব। মূল বক্তব্য উপস্থাপন করেন সিআইএমসির সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডা. এস.এম. রিদওয়ান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিনা আক্তার, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী হোসেন। সেমিনারের শেষভাগে চিকিৎসা শিক্ষা ও মানসিক স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের জন্য প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. আব্দুল মুত্তালিব বলেন, মানসিক স্বাস্থ্যসেবাকে কেবল চিকিৎসার গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং ভুক্তভোগীদের অভিজ্ঞতা ও বাস্তব অনুভূতির কথা শুনে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। মানসিক রোগ নিয়ে কুসংস্কার ও অবহেলা দূর করা এখন বেশি জরুরি। সময়মতো সঠিক সেবা নিশ্চিত করা গেলে সমাজে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব।

সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডা. এস.এম. রিদওয়ান বলেন, মানসিক স্বাস্থ্যে আক্রান্ত ব্যক্তিদের কথা ও অভিজ্ঞতা শুনলে চিকিৎসার মানোন্নয়ন যেমন সহজ হয়, তেমনি রোগীদের মনস্তাত্ত্বিক প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতার সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. মো. মুসলিম উদ্দিন বলেন, মানসিক রোগীকে অবহেলা করার সুযোগ নেই। তাদের সবার সঙ্গে মিলেমিশে রেখেই বড় করতে হবে।