‘কাজী নজরুলের অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’

‘কাজী নজরুলের অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক আদর্শ, জীবনদর্শন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

সোমবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের বিভিন্ন বিভাগে বিজয়ী ১২৬ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, কবি নজরুলের অসাম্প্রদায়িকতা শুধু তাঁর চিন্তা ও দর্শনে সীমাবদ্ধ ছিল না; বরং ব্যক্তিজীবন ও সাহিত্যচর্চায়ও এর প্রতিফলন ঘটেছে। তাঁর রচনায় যেমন মহাভারত ও রামায়ণের কাহিনি উঠে এসেছে, তেমনি স্থান পেয়েছে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি। বাংলা ভাষার পাশাপাশি আরবি, ফারসি ও সংস্কৃত শব্দের ব্যবহারে তাঁর সাহিত্য সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হয়ে উঠেছে। সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধেও তিনি সম্প্রীতি ও মানবতার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

তিনি বলেন, বিভিন্ন সময়ে কবি নজরুলকে বিশেষ কোনো চিন্তা বা ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। কিন্তু নজরুল ছিলেন ধর্মীয় সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। তিনি শুধু লেখনীর মাধ্যমে নয়, মানুষের ঘরে ঘরে ও রাজপথেও অসাম্প্রদায়িকতার দর্শন ছড়িয়ে দিয়েছিলেন। এ কারণেই তিনি বাঙালির জাতীয় কবি হিসেবে স্বীকৃত।

বর্তমান প্রজন্মের কাছে নজরুলের প্রকৃত আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, নতুন প্রজন্মের মধ্যে কবির অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে না পারলে ‘নজরুল বর্ষ’ পালনের উদ্দেশ্য সফল হবে না।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবর রহমান।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন