নেছার উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বই বিতরণ
সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ড গ্রামের ঐতিহ্যবাহী নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ ও ছাত্রাবাস উদ্বোধন করা হয়েছে।
রোববার আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় ও কলেজের ছাত্রাবাস উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা পরিবারের তিন সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল হোসেন তালুকদার, বাদল তালুকদার ও ওবায়েদুল হক তালুকদার।
পরে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে একাদশ শ্রেণির সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়।
কলেজের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ হুমায়ূন কবির তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ড. সিদ্দিক উর রহমান, সাধারণ সম্পাদক হাইজুল ইসলাম, এডহক কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম ও আশরাফ উদ্দিন মোল্লা, প্রাথমিক কমিটির সভাপতি বায়েজিত শিকদার কামাল, প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুলসহ স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তাঁরা নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী আয়োজন শেষ হয়।